আইনি জট কাটলেই পাকিস্তান সিরিজে খেলবে সাকিব-আশাবাদী আসিফ
নিজস্ব প্রতিবেদক :
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান–এর ফেরার সম্ভাবনা নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। আইনি জটিলতা কেটে গেলে আসন্ন পাকিস্তান সিরিজেই তাকে দলে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
ভারতের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলার জটিলতার কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি তার। তবে বিষয়টি সমাধানে বিসিবির পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ আকবর জানান, সাকিবের সংশ্লিষ্ট মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি ফারুক আহমেদ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেটি সচিবের কাছে জমা দেওয়া হবে। আসিফ আকবর বলেন, “ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক দায়িত্ব শেষ হবে। পরবর্তী সিদ্ধান্ত সরকারের।”
তিনি আরও জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনায় সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে, যা আশাব্যঞ্জক। এ প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও দ্রুত অগ্রগতি হতে পারে বলে মনে করছেন তিনি।
সব মিলিয়ে, আইনি জটিলতা নিরসন হলেই আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল হাসান—এমন প্রত্যাশায় এখন ক্রিকেটভক্তরা তাকিয়ে আছেন পাকিস্তান সিরিজের দিকে।
