ফরিদপুরে হামের উপসর্গে শিশুমৃত্যু, বাড়ছে আক্রান্ত রোগী
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় হামের উপসর্গে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। একই সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে স্বাস্থ্য বিভাগে।
মৃত শিশুটির নাম রহিমা। সে মাদারীপুর জেলার সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খাঁর মেয়ে। গত ২৭ মার্চ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য প্রশাসন জানায়, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার চূড়ান্ত ফল পাওয়া যায়নি। তবুও উপসর্গ বিবেচনায় চিকিৎসকেরা এটিকে হামের কারণেই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৬৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৯ জন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার সরকারি হাসপাতালগুলোতে ১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে এ রোগের বিস্তার রোধ করা যায়।
