জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আতঙ্কের কারণে অনেক শিক্ষার্থী এখন হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গতকাল বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর বৃহস্পতিবার গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা হেলমেট পরে পরীক্ষায় অংশ নেন। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের বেশ কয়েকটি একাডেমিক ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং ভবনগুলো থেকে পলেস্তারা খসে পড়ার অভিযোগ আগেও উঠে এসেছে।
শিক্ষার্থী নাঈম বলেন, “কখন কার মাথার ওপর পলেস্তারা খসে পড়বে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমরা হেলমেট ব্যবহার করছি।” আরেক শিক্ষার্থী নয়ন জানান, “দুজন শিক্ষার্থী আহত হওয়ার পরও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই পরীক্ষা ও ক্লাসেও হেলমেট পরেই এসেছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। বড় মেরামতের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়াও চলছে। বিজ্ঞান ভবন সংস্কারের নকশা ও ব্যয়ের হিসেবও সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “মূল কাঠামোর ফাটলগুলো ফলস সিলিংয়ের কারণে ঢেকে থাকায় ঝুঁকি শনাক্ত করা কঠিন ছিল। এখন সিলিং সরিয়ে ফেলা হচ্ছে।”
এই ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
