সুনামগঞ্জে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জে সিএনজি পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন সিএনজি চালকরা। এতে সুনামগঞ্জ-সিলেট সড়ক-এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে চালকেরা এ কর্মসূচি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও তারা অবরোধ চালিয়ে যান।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
অবরোধকারী চালকদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই পাম্প মালিকরা হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ফলে তারা গ্যাস সংগ্রহ করতে না পেরে যাত্রী পরিবহন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
চালকেরা আরও জানান, পাম্পে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হঠাৎ করে পাম্প বন্ধ হয়ে যাওয়ায় ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি তারা। এতে তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে এবং পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
অন্যদিকে যাত্রীরা জানান, গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যেসব গাড়িতে গ্যাস রয়েছে, সেগুলোই সীমিতভাবে চলাচল করছে।
এ বিষয়ে পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলেন, মালিক পক্ষের নির্দেশেই পাম্প বন্ধ রাখা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
