মেহেন্দীগঞ্জে সালিস চলাকালে ব্যক্তির মৃত্যু, বিএনপি নেতা জাহাঙ্গীর বহিষ্কার

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ March ২০২৬, ০১:৫৪ PM | পঠিত: ৮ বার

বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকার ১ নম্বর চরহোগলা গ্রামে পাওনা টাকা নিয়ে সালিস চলাকালে খোরশেদ সিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন হাওলাদার ও তাঁর ছেলেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সালিস চলাকালে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদারকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেন্দীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। রোববার রাতে পৌর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়েছে। খোরশেদ সিকদারের ভাতিজি সানজিদা আক্তার বলেন, অভিযুক্তরা তাঁকে বেধড়ক মারধর করে হত্যা করেছে। একই অভিযোগ করেন তাঁর স্বজনরাও।
এ ঘটনায় নিহতের মেয়ে নাসিমা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে নিহতের পরিবার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।