কলার মোচা দেখিয়ে শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন দিনমজুর এনামুল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ March ২০২৬, ১০:২৭ PM | পঠিত: ১৪ বার

 দিনাজপুর প্রতিনিধি:
মানবিকতা ও উপস্থিত বুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের ফুলবাড়ীর দিনমজুর এনামুল হক (৬৫)। ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়ে তিনি রেললাইনের একটি ভাঙা অংশ দেখতে পান এবং তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে একটি বড় দুর্ঘটনা থেকে শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ রক্ষা করেন।
ঘটনাটি ঘটে আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলপথের মধ্যবর্তী পূর্ব চণ্ডীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় লাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাতে বলেন।
লাল পতাকা না পেয়ে দ্রুত পাশের একটি কলাগাছ থেকে মোচা ছিঁড়ে এনে সেটির পাপড়ি লাঠির আগায় বেঁধে অস্থায়ী সংকেত তৈরি করেন। এরপর তিনি রেললাইনের ওপর দাঁড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করতে থাকেন।
অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন সেখানে পৌঁছালে এনামুলের সংকেত দেখে চালক ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং শতাধিক যাত্রী নিরাপদে রক্ষা পান।
এদিকে এনামুলের ডাকে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দা শাহিনুর দ্রুত পার্বতীপুর রেলওয়ে অফিসে ফোন করে বিষয়টি জানান। পরে রেলওয়ের প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে অস্থায়ীভাবে ট্রেন চলাচলের ব্যবস্থা করে এবং কিছু সময় পর রেললাইন মেরামত সম্পন্ন করে।
ফুলবাড়ী স্টেশনমাস্টার শওকত আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, স্থানীয়দের সচেতনতার কারণেই বড় দুর্ঘটনা থেকে বহু প্রাণ রক্ষা পেয়েছে।
ঘটনার পর এনামুল হককে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের সন্ধানে অন্য জেলায় চলে গেছেন।
উল্লেখ্য, সম্প্রতি একই রেলপথে আরেকটি দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ ছিল। এমন প্রেক্ষাপটে এনামুল হকের এই সাহসিকতা ও মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।