ঢাবির কেন্দ্রীয় মসজিদে ছাত্রশিবিরের ফেস্টুন ঘিরে বিতর্ক, সরানোর সিদ্ধান্ত-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ০৯:৪০ PM | পঠিত: ১৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’র মূল ফটকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নামে শোলার তৈরি একাধিক ফেস্টুন টানানোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে সেগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মসজিদের প্রধান ফটকের ওপরে সবুজ রঙের একটি সাইনবোর্ডে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’ লেখা রয়েছে। পাশাপাশি আরও দুটি ফেস্টুনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বার্তা দেওয়া হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে—বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মতো একটি স্থানে কোনো ছাত্র সংগঠনের নাম প্রদর্শন করা কতটা যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা মীর আরশাদুল হক তার ফেসবুক পোস্টে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মূল ফটকের ছবি। চিন্তা করেন অবস্থা। ঢাবির কেন্দ্রীয় মসজিদে এইভাবে একটি ছাত্র সংগঠনের নাম দেওয়া যায় কি? ঢাবিতে কি অন্য কোনো ছাত্র সংগঠন ক্রিয়াশীল নেই?”
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান গণমাধ্যমকে জানান, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়েছিল। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদ সাজানোর উদ্যোগ নেওয়া হয় এবং সেই আয়োজনের অংশ হিসেবেই কয়েকটি সাইনবোর্ড টানানো হয়েছিল।
তিনি বলেন, “রমজান মাস উপলক্ষে ভেবেছিলাম সাইনবোর্ডগুলো পুরো মাসজুড়ে থাকবে। তবে বিষয়টি নিয়ে যেহেতু সমালোচনা তৈরি হয়েছে, তাই সাইনবোর্ডগুলো সরিয়ে নেওয়ার বিষয়টি আমরা ভাবছি।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।