‘জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, দাবি করলে তালিকা করা হবে’—আইজিপি
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজেদের সম্পত্তি মনে করছে, তাদের তালিকা করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।”
সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ভবনের নিচতলায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, এ ঘটনায় জড়িত আসামিকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে।
আইজিপি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দল-মতনির্বিশেষে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের দলীয় বিবেচনার সুযোগ থাকবে না।
তিনি বলেন, ইতোমধ্যে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্লক রেইড পরিচালনা করে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলছে।
চাঞ্চল্যকর কোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। তিনি বলেন, গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলা তদন্তের মান বাড়াতে সিআইডিকে আরও আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন আইজিপি।
পুলিশ সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই থানায় আসা মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ যেন না থাকে এবং পুলিশের প্রতিক্রিয়ার সময়ও কমিয়ে আনা হবে।”
আইজিপি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনী দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
