জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মল বন্ধের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সংগঠনটি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে দেশের সব ব্যবসায়ীকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ীদের মতে, সরকারের জ্বালানি সাশ্রয় উদ্যোগকে সহযোগিতা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
