জ্বালানিতে ভিড় কমাতে ‘ফুয়েল পাস’ চালুর চিন্তা, কৃত্রিম সংকটের অভিযোগ সরকারের

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩১ March ২০২৬, ১০:৪৩ AM | পঠিত: ১৩ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক দাবি করলেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি কমাতে ‘ফুয়েল পাস’ চালুর পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী গতকাল এক ব্রিফিংয়ে জানান, ঠাকুরগাঁওসহ কয়েকটি এলাকায় মোটরসাইকেল চালকদের মধ্যে ফুয়েল কার্ড বা পাস দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এটি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিবন্ধনবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন বাদ দিয়ে পাম্পে ভিড় কমানো সম্ভব হবে।
সরকারি তথ্যমতে, জ্বালানির মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। ১৯ মার্চ পর্যন্ত ডিজেল চাহিদার তুলনায় প্রায় ৮০০ টন বেশি সরবরাহ করা হয়েছে। বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেলের উদ্বৃত্ত মজুত রয়েছে বলেও জানানো হয়।
তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রলপাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক গ্রাহক জ্বালানি পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন, মাসের শুরুতে অতিরিক্ত তেল উত্তোলনের কারণে শেষ দিকে সরবরাহে চাপ তৈরি হয়েছে।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে বলেছেন, “সংকট মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।” তিনি জানান, অতিরিক্ত জ্বালানি মজুতের প্রবণতা এবং সীমান্ত এলাকায় পাচারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরকার জানিয়েছে, জ্বালানি সরবরাহ বাড়াতে আন্তর্জাতিক বাজারে বিকল্প উৎস খোঁজা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নাইজেরিয়া, আজারবাইজানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিলের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী দিনে ৩০ মার্চ ও ৩ এপ্রিল আসা কার্গোসহ এপ্রিল মাসে এক লাখ টনের বেশি জ্বালানি দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার।
অন্যদিকে, অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি মন্ত্রণালয়। তথ্য যাচাই শেষে পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।