হরমুজ সংকটের মাঝেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি বোঝাই ৭ জাহাজ, স্বস্তির আশা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৮ March ২০২৬, ০৫:০৬ PM | পঠিত: ১২ বার

 চট্টগ্রাম প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকটে থাকা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করা ১০টি জাহাজের মধ্যে ৭টি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। বাকি তিনটি জাহাজও পর্যায়ক্রমে বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে যুদ্ধ শুরুর আগে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল এবং সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়। বর্তমানে এসব জাহাজ ধাপে ধাপে বন্দরে ভিড়ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ১০টি জাহাজে প্রায় সাড়ে ৪ লাখ টন জ্বালানি ও জ্বালানি সংশ্লিষ্ট পণ্য রয়েছে। এর মধ্যে ৮টি জাহাজে সাড়ে ৩ লাখ টনের বেশি এলএনজি ও এলপিজি এবং দুটি জাহাজে প্রায় ১ লাখ টন জ্বালানি তেল রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বাকি তিনটি জাহাজের মধ্যে একটি আগামীকাল সোমবার এবং দুটি এলএনজিবাহী জাহাজ ১১ ও ১৪ মার্চের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, চট্টগ্রাম চেম্বারের সদস্য ব্যবসায়ী ইসমাইল খান বলেন, বর্তমান জ্বালানি সংকটের সময়ে এসব জাহাজ দেশের জন্য আশার আলো হয়ে এসেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে পরবর্তী সময়ের অনেক জাহাজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকা পড়ে আছে। বিশেষ করে সৌদি আরব, কাতার, দুবাইসহ বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের জন্য রওনা দেওয়া জাহাজগুলোর চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।
হরমুজ প্রণালি ব্যবহার করেই মূলত ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—এই সাত দেশের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে তাই বন্দরে পৌঁছানো এসব জাহাজকে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।