দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৩ March ২০২৬, ০৭:১২ PM | পঠিত: ১৮ বার

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ও দুই কমিশনার সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগকারী চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। তাঁর সঙ্গে পদত্যাগপত্র জমা দেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
দুপুরের পর সচিবালয়ে গিয়ে তাঁরা নিজ নিজ পদত্যাগপত্র দাখিল করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনার আজিজী। তিনি বলেন, “আমরা চাপের মুখে পদত্যাগ করিনি, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমরা এই সময়টা খুব উপভোগ করেছি।”
তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী এক মাস আগে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং তিনি তাঁর প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। তবে সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে তিনি ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেন।
অপর কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ও কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানাবেন।
এ ঘটনায় প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।