প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ: আইন মেনে চললে বদলে যাবে দেশ
নিজস্ব প্রতিবেদক :
প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ছোট ছোট বিষয়েও যদি সবাই আইন মেনে চলে, তাহলে দেশে পরিবর্তন আসা অনিবার্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত, দায়িত্বশীল ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এ প্রবেশের সময় মন্ত্রী ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেন। অন্যদের মতোই তিনি লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন। তার এই আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
মন্ত্রী বলেন, সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ সুশৃঙ্খল হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর এই উদ্যোগ সরকারি দপ্তরে প্রচলিত ভিন্নধর্মী চর্চার বিপরীতে একটি নতুন বার্তা বহন করছে। অনেকেই এটিকে সাধারণ হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারে সহায়ক।
তাদের মতে, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের ইতিবাচক আচরণ শুরু হলে তা দ্রুত প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও সুদৃঢ় হবে। মন্ত্রীর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সরকারি দপ্তরে নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
