রোজা রেখে কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকার কার্যকর উপায়
ডেস্ক রিপোর্ট
পবিত্র রমজান আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। তবে কর্মজীবী মানুষের জন্য এই মাসে ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অফিসের কাজে মনোযোগ ধরে রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। খাদ্যাভ্যাস ও ঘুমের সময়সূচি বদলে যাওয়ায় ক্লান্তি আসা স্বাভাবিক। তবুও সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে রোজা রেখেও কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকা সম্ভব।
কাজের সময় ও শক্তির সঠিক ব্যবস্থাপনা
রোজায় শরীরের শক্তির মাত্রা দিনের বিভিন্ন সময়ে ভিন্ন থাকে। সেহরির পরের সময়টায় মনোযোগ ও বিশ্লেষণ ক্ষমতা বেশি সক্রিয় থাকে—তাই গুরুত্বপূর্ণ ও কঠিন কাজগুলো এ সময় সম্পন্ন করা ভালো। দুপুরের দিকে শক্তি কমতে শুরু করলে রুটিন বা হালকা প্রশাসনিক কাজ সেরে নেওয়া যেতে পারে। অতিরিক্ত ক্লান্ত লাগলে অল্প সময়ের বিরতি, হালকা স্ট্রেচিং বা স্ক্রিন থেকে দূরে থাকা উপকারী।
সেহরি ও ইফতারে সুষম খাদ্য
দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সেহরিতে জটিল কার্বোহাইড্রেট (ওটস, লাল চাল, আটার রুটি) ও প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি। ইফতারে খেজুর ও পানি দিয়ে রোজা ভেঙে সুষম খাবার খাওয়া উত্তম। অতিরিক্ত ভাজাপোড়া খাবার এড়িয়ে চললে শরীর ভারী ও অলস লাগে না। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা উচিত। শসা, তরমুজ ও দইয়ের মতো পানিসমৃদ্ধ খাবার শরীর সতেজ রাখতে সাহায্য করে।
মানসিক স্বাস্থ্যের যত্ন
World Health Organization–এর তথ্যমতে, বিশ্বে প্রায় ৬০ শতাংশ মানুষ জীবনের বড় একটি সময় কর্মক্ষেত্রে কাটায়। তাই কাজের পরিবেশে মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অল্প সময়ের বিশ্রাম বা পাওয়ার ন্যাপ নেওয়া যেতে পারে। দিনে অন্তত সাত ঘণ্টা ঘুম নিশ্চিতের চেষ্টা করতে হবে। নিজের সক্ষমতার বাইরে কাজ না নেওয়া এবং প্রয়োজনে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করাও চাপ কমাতে সহায়ক।
ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা
সহকর্মীদের সঙ্গে পেশাদার আচরণ, গসিপ পরিহার ও সময়ের মূল্য দেওয়া একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। অস্পষ্টতা থাকলে অনুমান না করে সরাসরি কথা বলা উচিত। অবচেতন বৈষম্যমূলক আচরণ বা ‘মাইক্রোঅ্যাগ্রেশন’ এড়িয়ে চলা জরুরি, কারণ তা সহকর্মীর মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ভিন্ন মতামতকে সম্মান জানানো এবং সহমর্মিতা প্রদর্শন কর্মক্ষেত্রকে আরও সুন্দর করে তোলে।
চাপ নিয়ন্ত্রণের কৌশল
উচ্চ চাপের মুহূর্তে কয়েকবার গভীর শ্বাস নেওয়া ও সচেতনভাবে নিজেকে স্থির করা কার্যকর পদ্ধতি। অমুসলিম সহকর্মীরা রোজার অভিজ্ঞতা সম্পর্কে পুরোপুরি অবগত নাও থাকতে পারেন—তাই ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।
সার্বিকভাবে, পরিকল্পিত জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস ও ইতিবাচক মনোভাব রোজার মাসেও কর্মজীবনকে রাখতে পারে আনন্দময় ও চাপমুক্ত।
