ঈদযাত্রায় সংক্রমণের ঝুঁকি: সতর্ক থাকলেই মিলবে নিরাপদ আনন্দ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৪ March ২০২৬, ১২:০২ PM | পঠিত: ১৭ বার

ডা. কাকলী হালদার:
ঈদুল ফিতরকে ঘিরে প্রতি বছর লাখো মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে ছুটে যান। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এই যাত্রা অনেক সময় সংক্রামক রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। গণপরিবহনের ভিড়, অস্বাস্থ্যকর খাবার এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবের কারণে নানা ধরনের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের মতে, বাস-ট্রেন-লঞ্চের ভিড়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ইনফ্লুয়েঞ্জা বা সর্দি-কাশি সহজেই ছড়ায়। কেউ মাস্ক ছাড়া কাশি বা হাঁচি দিলে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র জলকণার মাধ্যমে অন্যদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। তাই ভিড়ের মধ্যে মানসম্মত মাস্ক ব্যবহার করা জরুরি।
যাত্রাপথে খোলা খাবার বা অনিরাপদ পানি পান করাও বড় ঝুঁকি। এতে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস বা কলেরার মতো রোগ হতে পারে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন—বাইরের কাটা ফল, খোলা শরবত বা খাবার এড়িয়ে চলতে এবং নিজের সঙ্গে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বহন করতে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও জানান, হাতের মাধ্যমেই সবচেয়ে বেশি জীবাণু ছড়ায়। তাই খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জরুরি।
ঈদের ছুটিতে হঠাৎ অসুস্থ হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। এতে জীবাণু আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ভবিষ্যতে ওষুধে কাজ নাও করতে পারে। তাই যেকোনো অসুস্থতায় নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি হওয়ায় তাদের ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রামক রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
ডা. কাকলী হালদার
সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।