হামের হঠাৎ প্রাদুর্ভাবে প্রস্তুতির ঘাটতি স্বীকার, ৫ এপ্রিল থেকে টিকাদান শুরু
ডেস্ক রিপোর্ট
দেশে হামের আকস্মিক প্রাদুর্ভাবে প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, হামের সংক্রমণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় আগে থেকে কার্যকর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, কোনো প্রস্তুতি আমাদের ছিল না।” সাম্প্রতিক সময়ে শিশুদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
জনসচেতনতার অভাবকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক মানুষ এখনো স্বাস্থ্যবিধি ও টিকাদান বিষয়ে সচেতন নন। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার ঘাটতির কারণে রোগ নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের যথাযথ পেশাগত নীতিমালা (মেডিকেল ইথিকস) মেনে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায়।
পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান মন্ত্রী। ইউনিসেফ থেকে সংগৃহীত টিকা দিয়ে প্রাথমিকভাবে কার্যক্রম চালু করা হবে এবং পর্যাপ্ত টিকা সংগ্রহে আরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় টিকা হাতে পেতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় স্বাস্থ্য খাতের কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁদের দাবি-দাওয়া ধাপে ধাপে বিবেচনা করা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।
