মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য: এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলার আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি দেওয়া বক্তব্যে মির্জা আব্বাসকে উদ্দেশ করে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এসব বক্তব্যের কারণে মির্জা আব্বাসের ব্যক্তি ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। তাই বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
