ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পবিত্র কোরআন উপহার দিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ March ২০২৬, ০৫:৩৫ PM | পঠিত: ১৭ বার

নিজস্ব প্রতিবেদক
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-কে পবিত্র কোরআন শরিফ উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আসিফ আকবর। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নিজেই।
জানা গেছে, গতকাল রাত ১০টার পর মিরপুরে আমিনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে যান আসিফ আকবর। ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের জায়গা থেকেই তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই ধর্মীয় গ্রন্থ উপহার দেন বলে জানিয়েছেন। সাক্ষাতে কোনো বিশেষ ইস্যুতে আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসাও করেছিলেন আসিফ।
উল্লেখ্য, গত অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হয়। সে সময় নতুন বোর্ডকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে তাঁকে আর প্রকাশ্যে মন্তব্য করতে শোনা যায়নি।
আসিফ আকবর বলেন, “আমাদের প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানাই। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তিনি এখন সব ফেডারেশনের দায়িত্বে আছেন, একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদেরও প্রধান। ফলে তাঁর দায়িত্ব অনেক বেড়েছে।”
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক দায়িত্বে থাকলেও এখন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, এবং সে জায়গায় প্রতিমন্ত্রী ইতিবাচক ভূমিকা রাখবেন বলেই তাঁর বিশ্বাস। আসিফের প্রত্যাশা, দেশের ক্রীড়া অঙ্গনের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন আমিনুল হক এবং শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে উদ্যোগী হবেন।
ক্রীড়া অঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎ ও উপহার বিনিময় ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।