চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ, তিস্তা প্রকল্পেও অগ্রগতির আশাবাদ-
নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় চীনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ সরকার জ্বালানি সহায়তার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং এ বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী চীন।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই বাংলাদেশ জ্বালানি সহায়তার বিষয়টি উত্থাপন করেছে। তবে বাংলাদেশ ঠিক কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে চীন সরকার।
তিনি আরও বলেন, বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তা প্রকল্পকে নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।
এছাড়া নতুন ঋণ সুবিধা ও চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার গঠনের পর মাত্র তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
