সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা-
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আটকা পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। অবশেষে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফেরার বিমানে উঠেছেন তিনি।
গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানে ওঠার একটি ছবি প্রকাশ করে মুশফিক লিখেছেন, “আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানে উঠেছি। ইনশা আল্লাহ ঢাকায় সকালে পা রাখব। যাঁরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন ও আমার জন্য দোয়া করেছেন, তাঁদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।”
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে বেশ কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত বহু বিদেশি নাগরিকের মতো মুশফিকও বিপাকে পড়েন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশ্বস্ত করেন যে বিষয়টি সরকারিভাবে নজরদারিতে রয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। প্রতিমন্ত্রীর আশ্বাস অনুযায়ীই নির্ধারিত ফিরতি ফ্লাইটে দেশে রওনা হয়েছেন মুশফিক।
এদিকে একই অস্থিরতায় দুবাইয়ে ইংল্যান্ড লায়নসের একটি বহর এবং ভারতে অবস্থানরত জিম্বাবুয়ে দলও ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
সবশেষ খবর অনুযায়ী, নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মুশফিকুর রহিমের। দেশে ফিরেই তিনি জাতীয় দলের প্রস্তুতিতে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
