হাদি হত্যা মামলার আসামি দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৬ March ২০২৬, ০৬:৫০ PM | পঠিত: ৩০ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীরকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর তাঁদের প্রথমে ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয় এবং আগামী ২ এপ্রিল পুনরায় আদালতে হাজির করার কথা রয়েছে।
এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ফয়সাল, আলমগীরসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত চলাকালে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বর্তমানে কারাগারে আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে ফয়সাল ও আলমগীর ছাড়াও তাঁদের পালাতে সহায়তাকারী আরও একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির পথে রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।