ঈদের দিন কালবৈশাখী ও বজ্রবৃষ্টির শঙ্কা, তাপমাত্রা কমতে পারে
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আবহাওয়া নিয়ে এসেছে নতুন পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোরের দিকে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
ভোরের বৃষ্টির পর কিছু সময় বিরতি দিয়ে দুপুরের দিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে বর্ষা-পূর্ববর্তী সময় হওয়ায় এ সময়ে কালবৈশাখী, বজ্রপাত এবং মাঝেমধ্যে শিলাবৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে ঈদের দিন বড় ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা নেই।
তবে সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলে অল্প সম্ভাবনায় শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
আবহাওয়ার আরেকটি ইতিবাচক দিক হলো—বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯-২০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
