তিন মাসে ৩০ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড—সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ কর্মসূচি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার কয়েকটি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবার ভাতা পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড নারীদের নামে প্রদান করা হবে, যাতে পরিবারের সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ বাড়ে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা শক্তিশালী হয়।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, এই সহায়তা সরাসরি খাদ্য, পুষ্টি, চিকিৎসা ও শিক্ষায় ব্যয় হবে, যা পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার কথাও পুনর্ব্যক্ত করেন।
এছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের এই অর্থ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।
প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন এবং সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
