গণহত্যা দিবসে প্রধানমন্ত্রীর বাণী: ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে হবে গণতান্ত্রিক বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
একটি ন্যায়ভিত্তিক, উন্নত, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল বুধবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংস ও কলঙ্কজনক গণহত্যার দিন।
তিনি উল্লেখ করেন, ওই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। ওই রাতেই চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যার মধ্য দিয়ে শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধ।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য বুঝতে হলে নতুন প্রজন্মকে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস জানতে হবে।
প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
