নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৩ March ২০২৬, ০৭:০৮ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ না পেরোতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং খাল খননের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।
সরকার গঠনের ১০ দিনের মাথায় কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণা দেওয়া হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নেওয়া এ সিদ্ধান্তে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন এবং মোট প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণ মওকুফ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু হচ্ছে ১০ মার্চ। প্রাথমিকভাবে বগুড়ায় এ কার্যক্রম চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সার, বীজ, সেচ-সহায়তা ও ভর্তুকি সহজ শর্তে সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। এ জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম ১৮০ দিনে ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে। দীর্ঘমেয়াদে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে।
স্বাস্থ্য খাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেক নাগরিককে ইলেকট্রনিক হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের যেকোনো হাসপাতালে রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যায়। এ লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।
পর্যবেক্ষকেরা বলছেন, ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান তৎপরতা জনআস্থা অর্জনে সহায়ক হতে পারে। তবে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তাঁরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।