জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্ত্রী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৫ March ২০২৬, ০৯:৪৭ PM | পঠিত: ১৬ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সীমিত পরিসরে কেবল দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরের ইফতার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, আগামী ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম, উলামা ও মাশায়েখদের সম্মানে দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। এই দুই আয়োজন অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে পৃথক দুটি ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
প্রতিবছরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবার-পরিজনের সঙ্গে বাসায় ইফতার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে বিরত থাকছেন।
সরকারের এই সিদ্ধান্তকে অনেকে সাদামাটা ও সংযমী রমজান পালনের একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। রমজানের মূল শিক্ষা সংযম, সহমর্মিতা ও মানবিকতার প্রতিফলন ঘটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।