অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসকেরা।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করানো হবে।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
