রাজারবাগ থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৬ March ২০২৬, ১০:৩১ AM | পঠিত: ১৪ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরির প্রথম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসেই প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়।
তিনি আরও বলেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন। এটিকে তিনি দেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ বলে অভিহিত করেন।
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ সদস্যদের রক্তদানই স্বাধীনতাযুদ্ধের সূচনাকে ত্বরান্বিত করেছে।
দীর্ঘদিন পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।
এদিকে ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে এবং বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে উন্নত দেশগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।