চট্টগ্রাম মেডিকেল কলেজে শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়: পরিবেশ-উন্নয়ন দ্বন্দ্ব-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১০ March ২০২৬, ১১:১০ AM | পঠিত: ২২ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কারণে শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানাচ্ছেন, কাটা গাছের মধ্যে অন্তত পাঁচটি শত বছরের বেশি বয়সের। এই গাছগুলো মূলত স্টাফ কোয়ার্টার ও ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় ছিল।
উঁচু-নিচু পাহাড়ি ঢালজুড়ে বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা শিমুল, কড়ই, গর্জন, বটসহ নানা প্রজাতির গাছগুলো এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করত। অভিযোগ রয়েছে, প্রকল্পের জন্য প্রয়োজন নয় এমন অনেক গাছও উজাড় করা হয়েছে। রাতের অন্ধকারে কাটা গাছগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ট্রাকে তুলে বাইরে বিক্রি করেছে।
চমেকের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রধান ছাত্রাবাসের পেছনে ১৭ তলা ছাত্র হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া স্টাফ কোয়ার্টারের পাশে এবং বর্তমান ছাত্রী হোস্টেলের পেছনে আট তলাবিশিষ্ট দুটি নতুন হোস্টেল নির্মাণ হবে। “ভবন নির্মাণের জায়গায় থাকা কিছু গাছ বাধ্য হয়ে কেটে ফেলতে হয়েছে। নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য বড় গাড়ি চলাচলের জায়গাও প্রয়োজন,” অধ্যক্ষ বলেন। তিনি দাবি করেছেন, শতবর্ষী গাছ কাটা হয়নি।
নতুন বনায়ন ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বর্তমানে পাহাড়ি এলাকার একাংশে ফুলের বাগান তৈরি করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই সাত হাজার চারা রোপণ করা হয়েছে। অধ্যক্ষ জানাচ্ছেন, ভবিষ্যতে আরও গাছ লাগানো হবে।
তবে পরিবেশবিদ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অন্তত ৬৬টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি শতবর্ষী বা অতি প্রাচীন বৃক্ষ। “এগুলো কাটতে কোনো পরিবেশগত অনুমতি নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে এসব গাছ এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং পাহাড় সংরক্ষণ সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া গাছ কাটা আইনগতভাবেও প্রশ্নবিদ্ধ,” তিনি বলেন।
গাছ উজাড়ের প্রতিবাদে গত রোববার পরিবেশকর্মীরা চমেকের সামনে মানববন্ধন করেন এবং কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জরুরি ভিত্তিতে তদন্ত ও প্রকল্পের জন্য অপরিহার্য নয় এমন শতবর্ষী ও পুরোনো গাছ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে চার দফা দাবি তুলে ধরেন পরিবেশকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।