সারাদেশে খেলাধুলা বিস্তারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান।জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্কুল ও বিভিন্ন শ্রেণিভিত্তিক খেলাধুলার প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো খেলাধুলাকে আরও পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আওতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দলীয় ইশতেহারেও ক্রীড়াখাত উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে সক্ষম খেলোয়াড় তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রী সবাইকে দলমত-নির্বিশেষে ক্রীড়াঙ্গনের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা দেশের জন্য সম্মান বয়ে আনে এবং মানুষের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
