বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: দ্রুত উদ্ধার ও যাত্রীসেবায় নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনার পর বগুড়ার সান্তাহারে ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি জানতে বগুড়া জেলার প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, লাইনচ্যুত ট্রেন দ্রুত উদ্ধার করা, যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করা এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিজের নির্বাচনী এলাকা হওয়ায় এ দুর্ঘটনার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত হলেও পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন।
