নাসীরউদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন, আদালতের আদেশ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৮ March ২০২৬, ০৮:০৪ PM | পঠিত: ১২ বার

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে ঢাকার আদালতে এ আবেদন করা হয়।
বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়। পরে শুনানি শেষে আদালত প্রয়োজনীয় আদেশ দিয়েছেন।
এর আগে সকালে মির্জা আব্বাসের পক্ষে রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম আদালতে মামলার আবেদন করেন। সে সময় আইনজীবী মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরউদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় এবং পরে তিনি বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় মির্জা আব্বাসকে নিয়ে বারবার মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া নাসীরউদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য কয়েকটি অনলাইন নিউজমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
বাদীপক্ষের অভিযোগ, ওই বক্তব্যে মির্জা আব্বাসকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে এসব বক্তব্য ছড়িয়ে পড়ায় দেশজুড়ে বিষয়টি আলোচনার সৃষ্টি হয়েছে।
মামলার আবেদনে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, যা শিষ্টাচার ও সভ্যতার পরিপন্থী এবং স্পষ্টভাবে মানহানিকর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।