মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট: ১২ দিনে ঢাকায় বাতিল ৩৯১ ফ্লাইট-
নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১২ দিনে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন এবং বিমান চলাচলের সূচিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় এসব দেশের গন্তব্যে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো। ফলে ঢাকার সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।
