স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন,এপ্রিলের মধ্যেই যানজট কমবে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ০৯:৪৩ PM | পঠিত: ১৪ বার

নিজস্ব প্রতিবেদক:
আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ রাজধানী ঢাকার যানজট অনেকটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এতে ডিএমপি, সিটি করপোরেশন, রাজউক, বুয়েটসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এপ্রিলের শেষ নাগাদ যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হবে। এসব পরিকল্পনার বিস্তারিত সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় আরও বড় ধরনের উন্নয়ন আসবে।
এ ছাড়া তিনি জানান, দেশের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। বর্তমানে সাতটি মোড়ে এ ব্যবস্থা চালু রয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে আরও ছয়টি মোড়ে চালু করা হবে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ১২০টি সিগন্যালই অটোমেশনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।