জাতীয় সংগীতের সময় অসম্মান: স্বাধীনতার চেতনায় আঘাত—মহিলা পরিষদ
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় কিছু সদস্য দাঁড়িয়ে যথাযথ সম্মান না দেখানোয় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, জাতীয় সংগীতকে ঘিরে জনপ্রতিনিধিদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গোটা জাতির স্বাধীনতার চেতনা ও মর্যাদাবোধের ওপর আঘাত হেনেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রায় দেড় বছর পর গত ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। জনগণ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখার ম্যান্ডেট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। কিন্তু অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধীদলীয় সদস্যদের একটি অংশ দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের পরিবর্তে নিজ নিজ আসনে বসে থাকেন, যা গোটা জাতি প্রত্যক্ষ করেছে।
নেতারা বলেন, জাতীয় সংগীত আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার অন্যতম প্রধান প্রতীক। এর প্রতি সম্মান প্রদর্শন কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও সামষ্টিক পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানোর মৌলিক প্রকাশ।
বিবৃতিতে আরও বলা হয়, সংসদের প্রথম দিনেই এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি ও জাতীয় মর্যাদার জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
এ ঘটনায় ভবিষ্যতে জাতীয় সংগীতসহ অন্যান্য জাতীয় প্রতীকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে জাতীয় মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর সব আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
