নয়াপল্টন কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ০৮:৫৭ PM | পঠিত: ৪১ বার

নিজস্ব প্রতিবেদক:
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার অফিস করছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছান। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার চেম্বারে অবস্থান নিয়ে দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এর আগে তিনি সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। সভায় সংসদ অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে তিনি নয়া পল্টনের কার্যালয়ে আসেন।
দলের পক্ষ থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার খবর মিলার পর দুপুর আড়াইটা থেকে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন। বিকেল সাড়ে ৪টার পর থেকে নয়া পল্টনের সড়কে জনস্রোত দেখা দেয়। নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগান দিতে থাকেন এবং পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী দলের কার্যালয়ে আসার নিরাপত্তা ব্যবস্থা সারারাত জোরদার ছিল। সকাল থেকেই প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয় ও পারিপার্শ্বিক এলাকায় অবস্থান নেন।
এটি তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার দলের কার্যালয়ে অফিস করা। দলীয় নেতারা মনে করছেন, এটি দলের কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে নতুন শক্তি যোগ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।