রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ নিহত, নিহতদের মধ্যে দুই শিশু-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১২ March ২০২৬, ০৭:৩২ PM | পঠিত: ১৪ বার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার বেইলি ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌবাহিনীর যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস রামপালের বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেনাজ বলেন, হাসপাতালে এখন পর্যন্ত আটজনের মরদেহ আনা হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক কেএম হাসানুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বাড়ি মোংলা এলাকায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং হতাহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।