অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ April ২০২৬, ১১:৫৮ AM | পঠিত: ১৫ বার

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে ভ্যাকসিন প্রদান না করায় দেশে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সোমবার সকালে রামেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে গত ৪ জানুয়ারি প্রথম হাম ধরা পড়ে। তখনকার সরকার সচেতন ছিল; কিন্তু ভ্যাকসিন কেনার সময় জটিলতা থাকায় আজকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।”
ডা. রফিকুল জানান, ২০২৪ সাল পর্যন্ত সরকার ভ্যাকসিন ক্রয় করছিল একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে, এরপর অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করার কথাও বলা হয়েছিল। তবে যারা ভ্যাকসিন বাস্তবায়ন করেন, তারা এক বছর ধরে আন্দোলন করছেন, যার ফলে সাধারণত এই ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়। তিনি সকলকে আহ্বান জানান, ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো দেশের জনগণের স্বার্থে কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, “বর্তমানে হামের ভ্যাকসিন ৯ মাস ও ১৫ মাসে দেওয়া হচ্ছে; কিন্তু দেখা যাচ্ছে, ৪ মাসের শিশুও আক্রান্ত হচ্ছে। তাই গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষকরা দেখবেন কেন ৯ মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে হাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”
ডা. রফিকুল সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একজন আক্রান্ত শিশুর মাধ্যমে ১০-১৫ জনের মধ্যে সংক্রমণ হতে পারে।”
রামেক হাসপাতালের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, এখানে বেড সংখ্যা প্রায় ১,২০০ হলেও বর্তমানে ২,৯০০ রোগী ভর্তি। শিশুদের আইসিইউ-তে ১২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশ্বাস দেন, প্রাথমিক পর্যায়ে হাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে যাতে আইসিইউ প্রয়োজন না হয়।
ডা. রফিকুল বলেন, শিশু মৃত্যুর ঘটনায় সরকার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী হামের প্রাদুর্ভাব নিয়ে বিস্তারিত জানা যাবে।
পরিদর্শনের সময় ডা. রফিকুল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউও দেখেন। এসময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।