জরিমানার প্রতিবাদে সিলেটে পাম্প ধর্মঘট, আলোচনায় সমাধানের আশা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০২ April ২০২৬, ১২:৩৫ PM | পঠিত: ১০ বার

সিলেট প্রতিনিধি:
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রলপাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গতকাল বুধবার রাত ১১টা থেকে পাম্পমালিকদের সংগঠনের আহ্বানে বিভাগের সব পাম্প বন্ধ রাখা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
জানা গেছে, গতকাল দুপুরে সরকার নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোলিয়াম মজুতের অভিযোগে জেলা প্রশাসন সিলেটের একটি পাম্পের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি রশিদপুরের আরেক পাম্পমালিককে ধরে নিয়ে আসার অভিযোগও তুলেছেন ব্যবসায়ীরা। এসব ঘটনার প্রতিবাদেই তাৎক্ষণিকভাবে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জুবায়ের আহমদ চৌধুরী জানান, বেলা ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় সন্তোষজনক সমাধান হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ধর্মঘটের কারণে সিলেটজুড়ে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত সমাধানের আশায় রয়েছেন।
পাম্পমালিকদের দাবি, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ন্যায্য সমাধান নিশ্চিত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।