ঈদ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ১০:০৮ AM | পঠিত: ১৭ বার


যশোর ও মনিরামপুর প্রতিনিধি :
ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে যশোর-মাগুরা সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও তিন সদস্য।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—যশোরের মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তাঁর বাবা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনদের বরাতে জানা যায়, পরিবারটি ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে রাতের দিকে যশোরে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের বিপরীত পাশে গিয়ে একটি বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।