চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃস্থানীয় নির্দেশ: “শৃঙ্খলা ও উন্নয়নে সবাইকে কাজ করতে হবে”-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ০৬:৫৫ PM | পঠিত: ১২ বার

কক্সবাজার প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রবিবার রাতে চকরিয়ায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, “সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। মানুষের সঙ্গে কেউ কোনো রকম অনাচার করতে পারবেন না। কোনো উচ্ছৃঙ্খলতা বা চাঁদাবাজির খবর যেন না শুনি। প্রশাসনকে সহযোগিতা করতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসা সালাহউদ্দিন আহমদ রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ডাকবাংলোয় অবস্থান করেন। এ সময়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “দেশের মধ্যে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে মানুষ মনে করে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন পাবে, শান্তি পাবে। সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ করবে এবং প্রশাসনকে সহযোগিতা করবে।”
মতবিনিময় শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি পেকুয়ার সিকদারপাড়ায় যান এবং মা-বাবার কবর জিয়ারত করেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি বিকেল পৌনে তিনটার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।