গাজীপুরে উদ্বোধনের আগেই সড়ক ধস: ২ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ০৯:৫৭ AM | পঠিত: ১৪ বার

 
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ এবং নির্বাহী প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সড়কের একটি অংশ হঠাৎ ভেঙে কয়েক ফুট নিচে দেবে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব—এই দুই কারণে সড়ক ধসের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বিষয়টি আরও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। পরে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সৈরুল হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, সিইও মো. সোহেল হাসান এবং গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার পর সড়ক নির্মাণে গাফিলতি ও মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।