নাফ নদীতে অপহরণের ৪ দিন পর ১৪ জেলে মুক্ত, স্বস্তি ফিরেছে টেকনাফে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ April ২০২৬, ১০:৫৯ AM | পঠিত: ১৩ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিন পর ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে মুক্তিপ্রাপ্ত জেলেরা তিনটি ট্রলারসহ শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌঘাটে ফিরে আসেন। স্থানীয় জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচরসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
মুক্তিপ্রাপ্ত জেলেরা বাড়ি ফেরার পর স্বজনদের সঙ্গে দেখা হলে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, বন্দিদশায় অনেক জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জেলেরা নির্যাতনের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুক্তিপণ দেওয়া হয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফিরে আসার পর কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা বলে জেলেরা নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
এদিকে, নাফ নদীতে আরাকান আর্মির তৎপরতা বেড়ে যাওয়ায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবিকার তাগিদে নদীতে নামলেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নাফ নদীতে অপহরণের ঘটনায় জেলে পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ১৪ জেলের মুক্তিতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জেলেদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।