যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। ভুক্তভোগী দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী, দীপ্ত আদিত্য তাঁর হিরো থ্রিলার মোটরসাইকেলটি বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে রাখেন। পরদিন গোয়ালঘরের তালা ভাঙা এবং মোটরসাইকেল হারানো দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্ত যুবদল নেতা সোহেল রানা গভীর রাতে গোয়ালঘরের পাশে ঘোরাঘুরি করছেন।
ভুক্তভোগী দীপ্ত আদিত্য বলেন, “গভীর রাতে আমার গোয়ালঘরের সামনে সোহেল রানাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। যেকোনো শব্দে তিনি দৌড়েছেন। কিছুক্ষণের মধ্যে লোডশেডিং চলাকালীন ক্যামেরা ওপরের দিকে ওঠার সুযোগে মোটরসাইকেলটি চুরি হয়। বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দিয়েছি।”
অভিযুক্ত সোহেল রানা দাবি করেন, “সিসিটিভিতে যে ব্যক্তি দেখা গেছে, তা আমি নই। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য নেতা-কর্মীদের সঙ্গে থানায় কথা বলেছি।”
মদন থানার ওসি হাসনাত জামান বলেন, “মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
