অনুমোদন ছাড়া হাসপাতাল চালু, স্বাস্থ্য বিভাগ বন্ধ করে দিল মায়ান জেনারেল
শেরপুরের নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসাসেবা চালানোর অভিযোগে মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ রোববার (২৯ মার্চ) শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতালটিতে স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
শেরপুরের সিভিল সার্জন মো. শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ন আহমেদ নূর অভিযানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, হাসপাতালটি নির্লব হাসান মিন্টু পরিচালনা করছেন। অনুমোদন না থাকলেও সিজারিয়ান সহ বিভিন্ন চিকিৎসাসেবা চালানো হচ্ছিল। গত শুক্রবার এক প্রসূতির অস্ত্রোপচারের পর তার অবস্থা খারাপ হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক জানিয়েছেন, “আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি, যা বর্তমানে প্রক্রিয়াধীন। তবে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।”
ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “বিভিন্ন অভিযোগের পর অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমোদন না থাকায় হাসপাতালটি বন্ধ করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর তারা পুনরায় কার্যক্রম চালাতে পারবে।”
