খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক
খুলনা প্রতিনিধি :
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের চার সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগ এলাকার কৃষ্ণনগর ঠিকারবাদে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন—কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফাহিমা। এর মধ্যে রঞ্জুয়ারা বেগম বুকে গুলিবিদ্ধ হন এবং ফাহিমা পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত সম্পর্কজনিত দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটে। কাজী আনিসুর রহমানের ছোট ছেলে রাশিদুল অতীতে একটি মাদক মামলায় কারাগারে গেলে সেখানে ইমরান নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের সঙ্গে পারিবারিক যোগাযোগ তৈরি হয়।
এদিকে, কিছুদিন আগে ইমরান পুনরায় কারাগারে গেলে তাঁর স্ত্রীর সঙ্গে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় ছয় মাস আগে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ইমরান ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত কাজী আনিসুর রহমানের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পরিবারের চার সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় ছয়জন অংশ নিয়েছে বলে জানা গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আহত রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলিবিদ্ধ হওয়ায় তাঁদের শরীর থেকে গুলি অপসারণ করা সম্ভব হয়নি। তাই উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
