মধ্যপ্রাচ্যের সংকটে ছয় দিনে ঢাকায় ২১০ ফ্লাইট বাতিল

HURMAT ALI বাংলাদেশ
প্রকাশ: ০৫ March ২০২৬, ০২:১৫ PM | পঠিত: ১৩ বার

নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরান–ইসরায়েল সংঘাতকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী বেশ কিছু ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না, যার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার বিমান চলাচলে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় বিভিন্ন এয়ারলাইনসকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্যার প্রভাব অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইট দুবাইয়ের ৪টি ফ্লাইট।
এর আগে ৪ মার্চ ২৮টি, ৩ মার্চ ৩৯টি, ২ মার্চ ৪৬টি, ১ মার্চ ৪০টি এবং ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে ছয় দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টি।
এদিকে চলমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। এতে করে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানা গেছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।