রাজশাহীতে প্রেসক্লাব দখলচেষ্টার অভিযোগ, তালা ভেঙে প্রবেশ সাংবাদিকদের

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ March ২০২৬, ০৩:৪৩ PM | পঠিত: ১২ বার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন প্রেসক্লাব ভবনে অফিস স্থাপনের উদ্দেশ্যে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় সাংবাদিকরা তালা ভেঙে পুনরায় ভেতরে প্রবেশ করেন।
জানা গেছে, গত ২৪ মার্চ সকালে প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগানো হয়। বিষয়টি জানাজানি হলে সাংবাদিকরা একত্রিত হয়ে তালা কেটে ভেতরে ঢোকেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ দেখা দেয়।
সংগঠনটির দাবি, ২০২৪ সালের আন্দোলনে আহত ব্যক্তিদের নিয়েই তারা এই সংগঠন গড়ে তুলেছেন এবং প্রেসক্লাব ভবনে অফিস করার ইচ্ছা পোষণ করছেন। তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ এটিকে অবৈধ দখলচেষ্টা হিসেবে দেখছে।
প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের কষ্টার্জিত এই প্রতিষ্ঠানে জোরপূর্বক দখলের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুরশালিন জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা করছেন তারা।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি প্রশাসনিক বিষয় হওয়ায় ইউএনওর কার্যালয় বিষয়টি দেখবে। ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও যেকোনো সময় উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।