হিলি সীমান্তে ঈদের শুভেচ্ছা বিনিময়: বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি উপহার, বাড়ছে সৌহার্দ্য

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২১ March ২০২৬, ০৩:১৯ PM | পঠিত: ১২ বার

দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা মিষ্টি উপহার বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ সৌহার্দ্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মণ্ডল ৭৯ বিএসএফের ইন্সপেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও সমপরিমাণ মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুলসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ।
উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের শাসনামলে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এ ধরনের মিষ্টি বিনিময় কার্যক্রম বন্ধ ছিল। তবে এবার আবারও এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ শুরু হওয়ায় সীমান্ত এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
ঈদের এই শুভক্ষণে সীমান্তে এমন বন্ধুত্বপূর্ণ আয়োজন দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।