মন্ত্রীকে নাস্তিক বললেন জামায়াতের এমপি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ১২:১৩ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে করা মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় আমির হামজা মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেন। তার বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইসলামবিরোধী এবং তার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। মন্ত্রীর এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়নি—তাহলে কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করা উচিত।”
এ সময় তিনি জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় সেবায় ব্যাঘাত ঘটছে, যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
এদিকে, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগে জুমার নামাজে অংশ নিতে সেখানে যান।
অন্যদিকে, এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, আমির হামজা দায়িত্বশীল বক্তব্য দেননি এবং তাকে সংযত হওয়ার আহ্বান জানান।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।